নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম নগরের কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কদমতলী আটমাসিং এলাকা থেকে রেললাইনগামী পাকা সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান। এ সময় তিন ছিনতাইকারী তাকে জোরপূর্বক থামিয়ে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার দিনই কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কাস্টমস কর্মকর্তা।
এরপর রোববার রাতে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আনোয়ার হোসেন একাধিক মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।





