নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৬০২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়। অভিযানে ১১ হাজার ৬৮৯টি ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০৩ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৬০২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১৬২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১০৪ জন, পরোয়ানাভুক্ত ৯২ জন এবং সাজা পরোয়ানায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মাদক-সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ৯৫ জন। তাদের মধ্যে দুজন মাদক বহনের সঙ্গে জড়িত এবং ৯৩ জন মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৬৮৯টি ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০৩ লিটার চোলাইমদ।
জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





