বিনোদন প্রতিবেদক::
শরতের সাদা কাশফুলের মায়াবী সৌন্দর্যে ধরা দিলেন অভিনেত্রী পূজা চেরি। ফিরোজা রঙের শাড়িতে কাশবনে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা চেরি। ছবিতে কখনো কাশফুল হাতে, আবার কখনো কাশবনের পাশে গাছের ছায়ায় ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।
ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্যের পাশাপাশি দুর্গাপূজার আগমনী আবহও তুলে ধরেছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
পূজার পোস্ট প্রকাশের পরই সেখানে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনুরাগীরা। কেউ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কাশফুলের স্নিগ্ধতার সঙ্গে তার উপস্থিতির তুলনা করেছেন। অনেকেই তাকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা নীরব রয়েছেন পূজা চেরি। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরেও দেখা যায়নি তাকে। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।





