হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সে’র ফুলের চারা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, স্বাস্থ্য, কৃষি ও সেবামূলক সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স এর উদ্যোগে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও ইবতেদায়ী মাদরাসা— প্রকাশ মদন ফকির মাজার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়ন-সংরক্ষণে সচেতনতা ক্যাম্পিং এর অংশ বিশেষ বাহারি ফুলের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সে’র সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসা’ পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুরুল আলম। উদ্বোধক ছিলেন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সে’র মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ক সদস্য সাংবাদিক নজিব চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অর্থ ও হিসাব বিষয়ক সদস্য আকতার হোসেন শাকিল, মাদরাসার সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, প্রধান শিক্ষক মো. এনাম, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনে’র নারী সদস্য প্রিয়া বেগম, ইয়াছমিন আকতার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদা আরজু মুক্তা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসা ও এতিমখানাটির অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন নান্দনিক পরিবেশে অবস্থিত হলেও সবজুয়ানের ক্ষেত্রে অনেক পিছিয়ে। পরিবেশ রক্ষায় ও সংরক্ষণে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে যেভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা আমাদের সমাজ ও রাস্ট্রের জন্য একটি মানবিক ও উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নে কাজ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গণে বাহারি ফুলের চারা রোপণ এবং মাদরাসার ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফুলের চারা বিতরণ করেন।