মেসির ১০ নম্বর জার্সিতে যাকে দেখতে চান মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক::

 

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই আলোচনায় আসছে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির পরবর্তী উত্তরসূরি কে হবেন। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর এ নিয়ে যেন কিছুটা ইঙ্গিতই দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান নিকো পাজ। একটি গোল করার পাশাপাশি বল দখল ও নিয়ন্ত্রণে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাজের একটি পোস্টে মন্তব্য করেন মার্তিনেজ। সেখানে তিনি লেখেন, ‘নতুন ১০ নম্বর’। তার এই মন্তব্যের পরই পাজকে মেসির উত্তরসূরি হিসেবে দেখার আলোচনা শুরু হয়েছে।

মার্তিনেজের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে জানাননি, মেসির পর ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে।

বরং স্কালোনির বক্তব্যে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, মেসি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে একাধিক খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরানো হতে পারে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেন, বর্তমান ম্যাচগুলোতে নির্দিষ্ট কাউকে ১০ নম্বর জার্সি পরানোর বাধ্যবাধকতা নেই। মেসি খেলা শেষ না করা পর্যন্ত জার্সিটি কাউকে দেওয়ার পরিকল্পনাও নেই বলে জানান তিনি।

স্কালোনির ভাষ্য অনুযায়ী, মেসির বিদায়ের পর পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এখনো এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্কালোনি আরও জানান, বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচে একই খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরাতেই হবে—এমন কোনো নিয়ম নেই। তবে শেষ পর্যন্ত একজন খেলোয়াড়ের গায়ে নিয়মিতভাবে এই জার্সি দেখতে চান তিনি। কারণ মেসির সময়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি অসংখ্য সাফল্য ও স্মরণীয় মুহূর্তের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে।