নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও ওসিওয়াই ১৫ বছর মেয়াদে বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্কপ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ খোরশেদ আলম। যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুলের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের রাজস্বের অর্থে নির্মিত এবং আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে দেশের শ্রমিক-কর্মচারীরাই দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন। প্রতিবছর কনটেইনার হ্যান্ডলিংয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা।
তাদের দাবি, নদীবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের বিদ্যমান টার্মিনালগুলোতে নতুন করে বড় ধরনের বিনিয়োগের সুযোগ সীমিত। এমন পরিস্থিতিতে বিদেশি অপারেটরের হাতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী। তারা এ সিদ্ধান্তকে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ থাকলেও তা দেশের সক্ষমতা ও স্বার্থ বিবেচনায় কাজে লাগাতে হবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলে নতুন সমুদ্রবন্দর স্থাপনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ ও সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।
মানববন্ধন থেকে বন্দর রক্ষা কমিটির ঘোষিত অবস্থান কর্মসূচি সফল করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে দল-মত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা সরকারের প্রতি এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মছি উদ্দৌল্লা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ ম জামাল, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক হনি, বন্দর জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন কবির, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জাহেদ উদ্দিন শাহিন ও বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
রবিউল হক শিমুল
যুগ্ম সমন্বয়ক
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম।
০১৮১৯-৫১২০৩০





