সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ডা. শাহাদাত হোসেন নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বক্তারা অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় সাংগঠনিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।