ব্যাখ্যা দাবি কমিটির • সরবরাহ একই থাকার পরও শুধু দাম বাড়িয়ে জ্বালানি তেলের সংকট কাটলো কীভাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক::

 

জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি অপরিবর্তিত থাকার পরও শুধু দাম বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকটের অবসান হয়েছে—বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত স্থায়ী কমিটি। একই সঙ্গে জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।

বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ, মূল্য সহনীয় পর্যায়ে রাখার উপায় এবং দাম কমানো-বাড়ানোর ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় সংসদ ভবনে বৈঠক করে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটি

জাতীয় সংসদ ভবনে বৈঠক করে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটি

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার কারণ নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। সংকটের সময় এবং পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি একই থাকার পরও শুধু মূল্য বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকটের সমাধান হয়েছে, সে বিষয়েও বিপিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এ ছাড়া দেশের বর্তমান জ্বালানি চাহিদা, সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে তা কমিটির কাছে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সুপারিশ করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।