ক্যানসারে মারা গেলে কি শহীদের মর্যাদা পাওয়া যায়?

ইসলাম ডেস্ক::

 

প্রশ্ন: কেউ যদি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়, তিনি কি শহীদের মর্যাদা পাবেন?

উত্তর:
কোনো মুমিন ব্যক্তি যদি ক্যানসার বা এ ধরনের কষ্টদায়ক ও দুরারোগ্য রোগে আক্রান্ত হন, সেই রোগের কষ্টে ধৈর্য ধারণ করেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন।

 

হজরত জাবের ইবনু আতিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহর পথে জিহাদে শহীদ হওয়া ছাড়াও আরও সাত শ্রেণির ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। তারা হলেন—

১. প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী,
২. পানিতে ডুবে মৃত্যুবরণকারী,
৩. প্লুরিসি (বক্ষঝিল্লির প্রদাহ) রোগে মৃত্যুবরণকারী,
৪. পেটের রোগে মৃত্যুবরণকারী,
৫. আগুনে পুড়ে মৃত্যুবরণকারী,
৬. কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণকারী এবং
৭. সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণকারী নারী।

(সুনানে আবু দাউদ: ৩১১৩)

এ ছাড়া আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শহীদ পাঁচ প্রকার:
১. প্লেগে মৃত্যুবরণকারী,
২. পেটের রোগে মৃত্যুবরণকারী,
৩. পানিতে ডুবে মৃত্যুবরণকারী,
৪. ধ্বংসস্তূপ বা দেয়ালচাপায় মৃত্যুবরণকারী এবং
৫. আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়া ব্যক্তি।

(সহিহ মুসলিম: ১৯১৪)

যদিও ক্যানসারের নাম হাদিসে সরাসরি উল্লেখ নেই, তবে অনেক আলেমের মতে, এটি অত্যন্ত কষ্টদায়ক ও দীর্ঘস্থায়ী রোগ হওয়ায় রোগের কষ্টে ধৈর্য ধরে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করলে আল্লাহর অনুগ্রহে শহীদের সওয়াব ও মর্যাদা লাভের আশা করা যায়।

 

তবে এ ধরনের ব্যক্তিদের আখিরাতের শহীদ (শহীদুল আখিরাহ) বলা হয়। তাঁদের দাফন-কাফনের বিধান সাধারণ মুসলমানের মতোই হবে; অর্থাৎ গোসল, কাফন, জানাজা—সবই সম্পন্ন করা হবে। পক্ষান্তরে, যিনি আল্লাহর পথে যুদ্ধে শহীদ হন, তাঁর জন্য শরিয়তে পৃথক কিছু বিধান রয়েছে।