জ্যেষ্ঠ প্রতিবেদক::
বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ পৌঁছে দেবে ডাক বিভাগ, ৩০ কেজি পর্যন্ত পার্সেল মাত্র ১০ টাকা থেকে
সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা নতুনভাবে চালুর পর দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কম খরচে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। একই সঙ্গে মোটরসাইকেল, সাইকেল ও শিক্ষার্থীদের বিভিন্ন মালামাল পরিবহনের পরিকল্পনাও চলছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, বর্তমানে স্পিড পোস্টের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত পার্সেল পাঠানো যায়। প্রথম ১ কেজির জন্য চার্জ ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা। ফোন ও এসএমএস নোটিফিকেশনের জন্য অতিরিক্ত ১ টাকা নেওয়া হয়।
দ্রুত ডেলিভারির প্রতিশ্রুতি
ডাক বিভাগের দাবি, রাজধানীর মধ্যে ২৪ ঘণ্টা এবং দেশের অধিকাংশ জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। অনেক জেলা শহরেও ২৪ ঘণ্টার মধ্যেই ডেলিভারি সম্ভব হচ্ছে। বর্তমানে পার্সেল সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হলেও ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে হোম ডেলিভারি চালুর পরিকল্পনা রয়েছে।
কী কী পাঠানো যাবে
স্পিড পোস্টে পাঠানো যাচ্ছে—
- পোশাক ও কাপড়
- বই ও কাগজপত্র
- ইলেকট্রনিক পণ্য
- উপহার সামগ্রী
- মৌসুমি ফল
- ডকুমেন্ট ও ফাইল
- অন্যান্য অনুমোদিত পণ্য
কৃষিপণ্য পরিবহনে সাফল্য
ডাক বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় সাড়ে ৩৫০ মেট্রিক টন ফল পরিবহন করা হয়েছে। আম ছাড়াও লিচু, আনারস, ড্রাগন ফল, সুপারি, শুঁটকি, মাছ, কাঁচা মাংস এবং বিশেষভাবে প্যাক করা রান্না করা খাবারও পরিবহন করা হচ্ছে।
জানতে চাইলে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘স্পিড পোস্ট আমাদের নতুন কোনো সেবা নয়। ২০১৮ সালে এই সেবা চালু হয়েছিল। কিন্তু নানা ধরনের লজিস্টিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই সেবা প্রত্যাশার জায়গায় পৌঁছাতে পারেনি। নতুন সরকারের অগ্রাধিকার অনুযায়ী সেবাটি নতুনভাবে জনপ্রিয় করে তোলার কাজ চলছে।’
তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের উৎপাদিত কেমিক্যালমুক্ত মৌসুমি ফল স্বল্প খরচে দ্রুত মহাপরিচালক ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। শুধু এবারের ফলের মৌসুমেই আমরা সাড়ে ৩শ মেট্রিক টন ফল পরিবহন করেছি।’
এখন শুধু আম নয়, রংপুর ও দিনাজপুরের লিচু, মধুপুরের আনারস, পাহাড়ি এলাকার ড্রাগন ফল, বরিশালের সুপারি, কক্সবাজারের শুঁটকি, খুলনা অঞ্চলের মাছ, এমনকি পার্বতীপুর থেকে কাঁচা মাংসও পরিবহন করা হচ্ছে বলে জানান তিনি।
মহাপরিচালক বলেন, ‘কেউ কেউ রান্না করা খাবারও বিশেষভাবে প্যাক করে পাঠাচ্ছেন। স্পিড পোস্ট সেবাটি এখন অনেকেরই নজর কাড়ছে।’
২৪ ঘণ্টায় ঢাকা, অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা
দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় মাত্র ২৪ ঘণ্টায় ও দেশের যে কোনো প্রান্তে ৪৮ ঘণ্টায় পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ডাক বিভাগ। যে কোনো পোস্ট অফিস থেকে পণ্য পাঠানো যাবে গ্রাহকের নিকটস্থ পোস্ট অফিসে। আর গ্রাহককে পোস্ট অফিস থেকে গিয়ে ওই পণ্য সংগ্রহ করতে হবে।
এ সেবা সম্পর্কে জানতে চাইলে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘দেশের যে কোনো প্রান্ত থেকে পাঠানো পার্সেল আমরা ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে দিতে পারছি। অনেক জেলা শহরেও ২৪ ঘণ্টার মধ্যেই ডেলিভারি সম্ভব হচ্ছে। দূরবর্তী জেলায় পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি।’
৩০ কেজি পর্যন্ত পার্সেল, প্রথম কেজি ১০ টাকা
স্পিড পোস্টের চার্জ সম্পর্কে ডাকের ডিজি বলেন, ‘বর্তমানে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত একটি পার্সেল গ্রহণ করা হচ্ছে। প্রথম এক কেজির জন্য ১০ টাকা ও পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা করে চার্জ নেওয়া হয়। এছাড়া এসএমএস ও ফোন নোটিফিকেশনের জন্য অতিরিক্ত মাত্র ১ টাকা নেওয়া হয়। যেমন ২০ কেজি ওজনের একটি আমের ক্যারেট পাঠাতে মোট খরচ হয় ১০৬ টাকা।’
এখনই হোম ডেলিভারি নয়
এই সেবা ব্যাপক জনপ্রিয়তা পেলেও এখনো হোম ডেলিভারি সেবা দেওয়া সম্ভব নয় বলে জানান ডাক অধিদপ্তরের ডিজি।
তিনি বলেন, ‘বর্তমানে বড় আকারের পার্সেলের ক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে না। গ্রাহককে সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে পার্সেল সংগ্রহ করতে হচ্ছে। তবে পার্সেল পৌঁছানোর সঙ্গে সঙ্গে গ্রাহককে ফোন ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হলে হোম ডেলিভারিও শুরু করা হবে।’
মোটরসাইকেল, সাইকেল ও লাগেজ পরিবহনের উদ্যোগ
ডাকের মহাপরিচালক আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা ইতোমধ্যে মোটরসাইকেল ও বাইসাইকেল পরিবহন করেছি। এছাড়া শিক্ষার্থীদের কাঁথা-বালিশ, বেডিংসহ বিভিন্ন মালামালও পরিবহন করা হচ্ছে। শিগগির বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার সেবাও চালু করা হবে। অধিকাংশ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
নতুন সেবা আসছে
ডাক বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল ও সাইকেল পরিবহন শুরু হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ সংগ্রহ করে দেশের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার সেবাও শিগগির চালু হবে। অধিকাংশ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দুই মাসের মধ্যে ক্যাশ অন ডেলিভারি
ই-কমার্স ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী দুই মাসের মধ্যে ক্যাশ অন ডেলিভারি (COD) চালুর পরিকল্পনা রয়েছে। এতে অনলাইন ব্যবসায়ীরা ডাক বিভাগের মাধ্যমে পণ্য বিক্রি ও মূল্য সংগ্রহ করতে পারবেন।
ছয় মাসে সব পোস্ট অফিসে স্পিড পোস্ট
ডাক বিভাগ জানিয়েছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে ১১টি স্থানে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম চলছে। আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রায় ১০ হাজার সরকারি ও অ-বিভাগীয় পোস্ট অফিসে স্পিড পোস্ট সেবা চালুর লক্ষ্য রয়েছে।
গ্রাহকদের ইতিবাচক সাড়া
স্বল্প খরচ ও দ্রুত সেবার কারণে গ্রাহকদের আগ্রহ বাড়ছে। অনেকেই জানিয়েছেন, আগে যেখানে একই পরিমাণ মালামাল পাঠাতে এক হাজার টাকার বেশি খরচ হতো, এখন স্পিড পোস্টের মাধ্যমে মাত্র শতাধিক টাকায় তা সম্ভব হচ্ছে। তবে ইউনিয়ন পর্যায়ে দ্রুত সেবা সম্প্রসারণ এবং বাড়তি চাপ সামাল দেওয়ার সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক গ্রাহক।
ফ্রজেন জিনিসও পাঠানো যাচ্ছে/ছবি: ডাক বিভাগের ফেসবুক পেজ থেকে নেওয়া
আরেক ব্যবহারকারী মামুনের মতে, ইউনিয়নভিত্তিক ডাকঘরের নেটওয়ার্ক পুরোপুরি কাজে লাগানো গেলে ডাক বিভাগ দেশের সবচেয়ে বড় কুরিয়ার নেটওয়ার্কে পরিণত হতে পারে। তবে বাড়তি চাপ সামাল দেওয়ার সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
ডাক বিভাগের একাধিক পোস্টে দ্রুত ডেলিভারির উদাহরণও তুলে ধরা হয়েছে। একটি পোস্টে দেখা যায়, ঢাকা জিপিও থেকে পাঠানো একটি ব্লেন্ডার একই দিনে ঠাকুরগাঁও প্রধান ডাকঘরে পৌঁছে গ্রাহকের কাছে বিতরণ করা হয়েছে।
আবার কানকিরহাট পোস্ট অফিসের একটি ভিডিওতে জানানো হয়, ৪৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ৩৬ থেকে ৩৭ ঘণ্টার মধ্যেই ১৯ ক্যারেট আম গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই ভিডিওতে এক গ্রাহক ডাক বিভাগের সেবার গতি ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার প্রশংসা করে বলেন, এ ধারা অব্যাহত থাকলে পোস্ট অফিস দেশের শীর্ষ কুরিয়ার সেবায় পরিণত হতে পারে।
বুকিং পণ্য/ছবি: ডাক বিভাগের ফেসবুক পেজ থেকে নেওয়া
বেসরকারি কুরিয়ারের তুলনায় কম খরচ
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, ৫ কেজি পার্সেল পাঠাতে স্পিড পোস্টে খরচ হয় মাত্র ৩০ টাকা, যেখানে অনেক বেসরকারি কুরিয়ারে একই ওজনের পার্সেল পাঠাতে প্রায় ১৩০ টাকা পর্যন্ত লাগে। ফলে সরকারি এই সেবা কম খরচের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।
ডাক বিভাগের কর্মকর্তাদের মতে, স্পিড পোস্ট শুধু একটি পার্সেল সেবা নয়; এটি সরকারি ডাক ব্যবস্থাকে আধুনিক লজিস্টিক নেটওয়ার্কে রূপান্তরের বড় উদ্যোগ। ক্যাশ অন ডেলিভারি, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ও ইউনিয়ন পর্যায়ে সেবা সম্প্রসারণ বাস্তবায়িত হলে ই-কমার্স খাতেও ডাক বিভাগের ভূমিকা আরও শক্তিশালী হবে।





