মাত্র ৩৯ বছরেই মারা গেলেন ব্রাজিলের অভিনেত্রী ও গায়িকা লুয়া ব্লাঙ্কো

বিনোদন ডেস্ক::

 

বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী লুয়া ব্লাঙ্কোর মৃত্যুতে। মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। দীর্ঘদিন ধরে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত এই শিল্পীর মৃত্যু হয়েছে গত ১৮ অক্টোবর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের শেষ কয়েক মাস অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন লুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের মৃত্যুসংবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেন ড্যানিয়েল।

তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোর মৃত্যুর খবর জানাতে হচ্ছে। শেষ সময়গুলোতে পরিবার ও বন্ধুদের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন এই শিল্পী।

 

অভিনয়, গান, গীতিকবিতা রচনা ও লেখালেখি—বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন লুয়া ব্লাঙ্কো। জনপ্রিয় ব্রাজিলীয় টেলিভিশন ধারাবাহিক ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকটির স্পিন-অফ ব্যান্ডের সঙ্গে সংগীত পরিবেশন করেও দর্শক-শ্রোতাদের প্রশংসা পেয়েছিলেন।

১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেন লুয়া। সংগীতের আবহে বেড়ে ওঠা এই শিল্পী ছিলেন দেশটির বিখ্যাত সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি।

অল্প বয়সে তার এই মৃত্যুতে শোকাহত ভক্ত, সহকর্মী ও বিনোদনজগতের অনুরাগীরা। অভিনয় ও সংগীতে তার রেখে যাওয়া কাজের মধ্য দিয়েই ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন লুয়া ব্লাঙ্কো।