গায়ে কেরোসিন ঢেলে নিশা রানীর আত্মহত্যা, নেপথ্যের কারণ জানালো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক::

রাজধানীর বংশালে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পর নিশা রানী নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বান্ধবী মিনাক্ষী রানী ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে নিশা রানীকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তার মাধ্যমে মানসিকভাবে নির্যাতন করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর সকালে ২৮ বছর বয়সী নিশা রানী তার বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। পরে তিনজন একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাশতা করেন এবং এরপর রমনা কালী মন্দিরে যান।

রমনা কালী মন্দিরে পূজা শেষে মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী তাকে সেখান থেকে একটি রেস্তোরাঁয় নিয়ে যান। সেখানেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন বলে জানায় পুলিশ।

 

ছবি: জাগো নিউজ

ছবি: জাতীয় কন্ঠ 

পরে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান। ওই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিকি বাবু মিনাক্ষীর বাসায় আসেন। খবর পেয়ে নিশাও সেখানে যান।

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, একপর্যায়ে বিকি বাবু ও মিনাক্ষী তাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথা বলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাত ৩টার দিকে বংশাল থানার সিটি কলোনিতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নিশা।

পরে আশপাশের লোকজন তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে নিশা রানীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিশার পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা করা হয়। পরে গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বংশাল থানা এলাকার একটি স্থান থেকে মিনাক্ষী রানীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।