ফিলিস্তিন ইস্যুতে নতুন কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর

বিনোদন ডেস্ক::

 

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসা মার্কিন র‍্যাপার ম্যাকলমোর এবার নতুন কনসার্ট সিরিজ নিয়ে মঞ্চে ফিরছেন। ফিলিস্তিন ইস্যুতে তার প্রকাশ্য অবস্থানের কারণে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এমনকি এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকেও বাদ দেওয়া হয় তাকে। তবে সেই ঘটনার পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি এই র‍্যাপার।

এড শিরানের সফর থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপজুড়ে নতুন কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ম্যাকলমোর। ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে এই সফরের খবর বুধবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানান তিনি।

ম্যাকলমোর জানিয়েছেন, ইউরোপের তিনটি অ্যারেনায় আয়োজিত হতে যাওয়া কনসার্টের টিকিট বিক্রি শুরুর পরপরই শেষ হয়ে গেছে। এত দ্রুত দর্শকদের সাড়া পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

তার ভাষ্য, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, মঞ্চকে তহবিল সংগ্রহের কাজে ব্যবহার এবং সম্মিলিত উদ্যোগের শক্তি তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। কনসার্টগুলোর শিল্পীদের তালিকাও শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ইউরোপের তিন শহরে তিনটি অ্যারেনা শোর ঘোষণা দেন ম্যাকলমোর। ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনের 3Arena-তে শুরু হবে ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর। এরপর ২৯ অক্টোবর ফ্রান্সের প্যারিসের Accor Arena এবং ৩০ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনের OVO Arena Wembley-তে হবে পরবর্তী দুটি আয়োজন।

জানা গেছে, এসব কনসার্ট থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের জন্য দেওয়ার কথা রয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে ম্যাকলমোর জানান, তিনটি শোর টিকিটই দ্রুত বিক্রি হয়ে গেছে। তার মতে, ক্ষমতাবানরা যখন মুক্তির আহ্বান থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন শিল্প ও সংস্কৃতি প্রতিবাদের পাশাপাশি সংহতি প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠতে পারে