জাতীয় কন্ঠ ডেস্ক:
এলপিজির নিরাপদ ব্যবহার, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে ময়মনসিংহে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।
সম্প্রতি ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এবং প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক চাঁন মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাসাবাড়িতে এলপিজির ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও তাদের পরিবারকে এলপিজি ব্যবহারের প্রয়োজনীয় নিরাপত্তা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় সহায়তা করবে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এমন কার্যকর ও অর্থবহ উদ্যোগ নেওয়ার জন্য ফ্রেশ এলপি গ্যাসকে সাধুবাদ জানাই।
ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপিজি অপারেটর হিসেবে এলপিজি নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করাকে আমরা আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ মনে করি। দেশজুড়ে এলপিজির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা কাজ করছি।
তিনি বলেন, এলপিজির নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারকে সহজ ও বাস্তবধর্মী উপায়ে এলপিজির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করতে চাই, যাতে তারা দৈনন্দিন জীবনে আরও নিরাপদভাবে এটি ব্যবহার করতে পারেন।
কর্মসূচিতে এলপিজি নিরাপত্তাবিষয়ক লাইভ প্রদর্শনী এবং ইন্টারঅ্যাকটিভ থিয়োরিটিক্যাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এমজিআইয়ের ফায়ার সেফটি এক্সপার্টরা অগ্নিনিরাপত্তার বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করেন।
পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাড়িতে এলপিজির নিরাপদ ও সঠিক ব্যবহার, প্রয়োজনীয় সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে ইন্টারঅ্যাকটিভ আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্র ও উপহারেরও আয়োজন করা হয়। এতে পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।





