ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক::

 

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এবং কে প্রথম হামলা করেছে, তা নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য।

এক পক্ষ বাস ভাঙচুরের অভিযোগ তুললেও অন্য পক্ষ বলছে, কারা বাস ভাঙচুর করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছেন। তবে এ অভিযোগের পক্ষে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যথাযথ সম্মান দেখান না। শুধু ঢাকা কলেজ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও তাদের একই ধরনের আচরণের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাস ভাঙচুরের অভিযোগ করলেও কারা ওই বাসে হামলা করেছে, তা তারা জানেন না। সংঘর্ষের সূচনাও তারা করেননি বলে দাবি করেন তারা।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী সাগর, তুহিন ও ফয়সালসহ কয়েকজন জানান, নীলক্ষেত এলাকা থেকে তাদের কলেজের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় আইডিয়াল কলেজের পোশাক পরা দেখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তারা।

 

সংঘর্ষ ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ/ ছবি- জাগো নিউজ

সংঘর্ষ ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ/ ছবি- জাতীয় কন্ঠ

তাদের ভাষ্য, পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি ও ইট-পাটকেল নিয়ে আইডিয়াল কলেজের ক্যাম্পাসের দিকে এগিয়ে এলে শিক্ষার্থীরা নিজেদের এলাকায় তাদের প্রবেশ ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণ সম্পর্কে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আরও দাবি করেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। তাদের অভিযোগ, আইডিয়াল কলেজের পোশাক পরা শিক্ষার্থীদের দেখলেই অনেক সময় কোনো কারণ ছাড়াই বিরোধে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে।

তাদের মতে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রভাব বা শক্তি প্রদর্শনের প্রবণতা থেকেই এ ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে দুই পক্ষের অভিযোগের কোনটি সত্য, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা প্রথম হামলা করেছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।