ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক::

 

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করলেই সমস্যার সমাধান হয় কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। কর্তব্যে অবহেলা কিংবা কোনো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বদলি করা হয়। তবে বদলিই চূড়ান্ত ব্যবস্থা নয়। বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে একটি ঘটনা নিয়ে তদন্ত হয়েছে। এ ঘটনায় ফরেনসিক পরীক্ষা করা হয়েছে এবং একাধিক সংস্থা তদন্তে যুক্ত ছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে সাংবাদিকরা জানতে চান, রাকিবুল হাসানের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি মো. রাকিবুল হাসান।

ওই অডিওতে পুলিশের বর্তমান পরিস্থিতি, কর্মকর্তা পদায়ন ও অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের অনেক কর্মকর্তা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন বলে দাবি করেন। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার বিষয়েও মন্তব্য করেন।

এ ছাড়া ওসি পদায়নে অর্থ লেনদেন, প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পোস্টিং এবং যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করে অপেক্ষাকৃত অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ঠেকানোর সক্ষমতা পুলিশের নেই বলেও মন্তব্য করেন রাকিবুল হাসান। একই সঙ্গে পুলিশের মধ্যে পদায়ন ও নেতৃত্ব নিয়ে অসন্তোষের কথাও অডিওতে উঠে আসে।

অডিওটি নিয়ে তদন্তের পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর ওই মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়।