বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মনোনয়নপত্র গ্রহণ করবেন।
এদিকে, আজ দুপুর ১২টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী বৈধ থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে।





