চসিক সচিবের প্রতিবাদ: অডিওটি তাঁর নয়, অভিযোগগুলো ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

 

নিজস্ব প্রতিবেদক::  চট্টগ্রাম

 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবকে জড়িয়ে ২০২৪ সালের বলে দাবি করা একটি সূত্রবিহীন অডিও ক্লিপ এবং সেটির ভিত্তিতে প্রকাশিত সংবাদ তাঁর দৃষ্টিগোচর হয়েছে। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

 

প্রতিবাদপত্রে চসিক সচিব দাবি করেন, প্রচারিত অডিও ক্লিপের কণ্ঠ তাঁর নয়। তাঁকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কোনো দুষ্টচক্র প্রযুক্তি বা অসদুপায় ব্যবহার করে অডিওটি তৈরি কিংবা প্রচার করছে বলে তিনি মনে করেন।

 

আগ্রাবাদে বাড়ি নির্মাণের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, আগ্রাবাদ এলাকায় তাঁর জন্ম, স্কুলজীবন ও বেড়ে ওঠা এবং বর্তমানে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে চট্টগ্রাম, বাংলাদেশের অন্য কোথাও কিংবা বিদেশে তাঁর, তাঁর স্ত্রী বা সন্তানদের নামে কোনো বাড়ি, জমি বা ফ্ল্যাট নেই। প্রায় ২০ বছর আগে তাঁর বাবা যে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, সেখানে তিনি অন্য ভাইদের সঙ্গে সপরিবারে বসবাস করছেন বলে জানান।

 

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগকেও সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন চসিক সচিব। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনে একক আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন।

 

তিনি বলেন, মেয়রের নির্দেশনায় চসিকের বিভাগীয় প্রধানরা নিজ নিজ দায়িত্ব স্বাধীনভাবে পালন করছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মেয়রের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধন করেন। সরকারি বিধিবিধান ও প্রশাসনিক এখতিয়ারের মধ্য থেকেই দায়িত্ব পালন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

 

চসিক সচিবের অভিযোগ, মেয়রের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার অসৎ উদ্দেশ্যে একটি দুষ্টচক্র তাঁর বিরুদ্ধে এসব ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তাঁকে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।