চট্টগ্রাম অফিসঃ পার্বত্য চট্টগ্রামকে আগামী পাঁচ বছরে ইকো ট্যুরিজম, সুপেয় পানি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দায়িত্ব পাওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে নগরের গোয়াচি বাগান এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দুপুরে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ তাঁর বাসভবনে উপস্থিত হন। দায়িত্ব পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জাতীয়তাবাদী চেতনায় ঘোষিত ৩১ দফার আলোকে সবাইকে সঙ্গে নিয়েই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করা হবে। এ অঞ্চলের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে সে সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে হাটহাজারীতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামী ছয় মাসে হাটহাজারীতে ১০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।





