গাজী নজরুল ইসলাম ফের চারদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক::

 

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২১ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামকে চারদিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

এজাহার ও তদন্তসংশ্লিষ্ট পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মরদেহের ওপর একটি চিঠিও পাওয়া যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে বলেন, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হতে গাজী নজরুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, এর আগে জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং অভিমান ও পারিবারিক বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।