চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক::

 

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে অনিক দাশ নামে এক পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনিক দাশ বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় বান্দরবান জেলা পুলিশের এক কনস্টেবল ও তার চার সহযোগীকে আটক করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে প্রথমে চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল অনিক দাশসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে ওই পুলিশ সদস্যের সঙ্গে চোর চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।