নিজস্ব প্রতিবেদক::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ ও স্লোগানের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অবস্থায় তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তোলেন দলটির কয়েকজন নেতাকর্মী।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে টার্মিনাল-৮ এলাকায় তাকে ঘিরে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসকে উদ্দেশ করে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে ও প্রশ্ন করতে দেখা যায়। তাদের ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতেও শোনা যায়।
জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার জাগো নিউজকে জানান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর নেতৃত্বে দলটির কয়েকজন নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল ও যুবলীগ নেতা সাগরও ছিলেন বলে তিনি জানান।
তানভীর কায়সারের ভাষ্য, ড. ইউনূসের নিউইয়র্কে আসার খবর আগে থেকেই তাদের জানা ছিল। বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা ও প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেই তারা বিমানবন্দরে যান।
আনুষ্ঠানিক সমাবেশ না করার বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়। তাই তারা সমাবেশ না করে সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তোলেন তানভীর কায়সার। তার দাবি, দেশের নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকেই তারা এ প্রতিবাদ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা মতপ্রকাশের স্বাধীনতার অধিকার থেকেও তারা প্রশ্ন তুলেছেন বলে উল্লেখ করেন তিনি।
বিমানবন্দরে ড. ইউনূস কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তানভীর কায়সার দাবি করেন, তিনি কিংবা তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ কেউই কোনো কথা বলেননি।
এ ছাড়া ড. ইউনূসের শারীরিক অবস্থা ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন ওই আওয়ামী লীগ নেতা। তবে এ বিষয়ে তার বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নিউইয়র্কে ড. ইউনূসের উপস্থিতিকে কেন্দ্র করে ভবিষ্যতেও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তানভীর কায়সার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন মেনেই তাদের কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করবেন।
এ ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস বা তার প্রতিনিধিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





