সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক::

 

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত দোসররা বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব বিষয়ে দেশের মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

 

পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনো ধরনের নৈরাজ্য, অপরাধ বা অপতৎপরতাকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

ডেঙ্গু মোকাবিলায় আগেভাগেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাড়ি ও আশপাশে জমে থাকা পচা পানি দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল যেন তৈরি না হয়, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।

 

রিজভী জানান, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নেওয়া হলেও বর্তমানে এ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।