‘কত রাত জেগে তার খেলা দেখেছি’, মহাতারকা মেসির বিদায়ে স্মৃতিকাতর পরীমনি

বিনোদন ডেস্ক::

 

নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আবেগে ভেসেছে ফুটবলপ্রেমীরা। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন এই মহাতারকা। বিদায়ী ম্যাচেও ছিলেন দুর্দান্ত ছন্দে—একটি গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন তিনি।

মেসির বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশি তারকাদেরও। বিশ্বের কোটি ভক্তের মতো দেশের বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। দীর্ঘদিনের প্রিয় ফুটবলারকে ঘিরে তাদের স্মৃতি, ভালোবাসা ও বিদায়ের বেদনা উঠে এসেছে এসব পোস্টে।

চিত্রনায়িকা পরীমনির কাছেও মেসির বিদায় নিছক একটি ম্যাচের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের পুরোনো স্মৃতির কথাও তুলে ধরেছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

২০২২ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার মুহূর্তটিও স্মরণ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’

মেসির বিদায়ী ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে প্রিয় তারকার শেষ মুহূর্তটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন পরীমনি। তার ভাষায়, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’

সবশেষে মেসিকে ভালোবাসা জানিয়ে পরীমনি লিখেছেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’