নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর তীরবর্তী তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের হালদা নদীসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি স্থান থেকে এসব বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। অভিযানে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
রহমত উল্যাহ বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





