জ্যেষ্ঠ প্রতিবেদক::
দুর্নীতিতে জড়ালে ঢাকায় কোনো সাব-রেজিস্ট্রারকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ও পদায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লটারির মাধ্যমে ঢাকায় পদায়ন পাওয়া সাব-রেজিস্ট্রাররা কতদিন দায়িত্ব পালন করবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সার্ভিস রুল অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণভাবে একটি পদে দুই বছর থাকার বিধান রয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে ঢাকায় রাখা হবে না।
সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয় বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখবে। গণমাধ্যমের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা মন্ত্রণালয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের উদ্যোগ কোনো একটি জায়গা থেকে শুরু করতে হবে। লটারির মাধ্যমে পদায়নের এই কার্যক্রম সেই পরিবর্তনের সূচনা বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকায় সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকে গুরুত্বপূর্ণ পদায়ন হিসেবে বিবেচনা করা হয়। এবার প্রথমবারের মতো এই ‘প্রাইজ পোস্টিং’ লটারির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। ঢাকার সব সাব-রেজিস্ট্রার পদ ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
আইনমন্ত্রী জানান, সারাদেশে ‘এ’ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রার পদ রয়েছে ১৩১টি। এর মধ্যে ঢাকার পদগুলোও ‘এ’ ক্যাটাগরির। লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জন সাব-রেজিস্ট্রারের পদায়ন নির্ধারণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের আনুষ্ঠানিকভাবে পদায়ন করা হবে।





