‘পোশাক শিল্পসহ সকল শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে’

জেলা প্রতিনিধি::

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আইনজীবী আতিকুর রহমান বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে পোশাকশিল্পসহ দেশের সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করতে হবে।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এর সঙ্গে মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবও সরাসরি বাজারে পড়ছে।

 

তিনি দাবি করেন, গত সাত মাসে দেশে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। শ্রমিক ছাঁটাই কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। শ্রমিকদের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশনও সেখানে থাকবে।

 

জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে আতিকুর রহমান বলেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন বলে তারা দাবি করেন। দেশের বিভিন্ন সংকটে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের মানবেতর জীবনযাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে যেন কোনো শ্রমিককে কর্মস্থলে প্রাণ হারাতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিক নির্যাতন বন্ধের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

 

ইসলামি শ্রমনীতির প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়। তার দাবি, ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত অধিকার ও মুক্তি নিশ্চিত করা সম্ভব।

 

দেশের পোশাকশিল্পের শ্রমিকদের প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, দেশে প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক রয়েছেন। এত বিপুলসংখ্যক শ্রমিক দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বিপরীতে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শ্রমিকরা কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।

 

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।