জেলা প্রতিনিধি::
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমির পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ময়লা পানি ফেলতে গিয়ে ফসলি জমির পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের পর প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি রিকাবি বেগমের বলে শনাক্ত করেন। তিনি মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়।
নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার পর গত চারদিন ধরে পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।





