ইসলাম ডেস্ক::
প্রশ্ন: পায়ের পাতা খোলা রেখে নামাজ পড়লে কি নারীর নামাজ হবে?
উত্তর: নামাজের সময় নারীদের পায়ের পাতা খোলা থাকলে নামাজ আদায় হয়ে যাবে। তবে পায়ের টাখনু ঢেকে রাখা জরুরি। নামাজে নারীদের চেহারা, কবজি পর্যন্ত দুই হাত এবং টাখনু পর্যন্ত পা অনাবৃত রাখা যায়। এ ছাড়া শরীরের বাকি অংশ ঢেকে রাখা ফরজ।
নামাজে যেসব অঙ্গ ঢেকে রাখা ফরজ, সেসব অঙ্গের কোনো একটি অঙ্গের চার ভাগের এক ভাগ বা তার বেশি অংশ তিন তাসবিহ পরিমাণ সময়—অর্থাৎ তিনবার ‘সুবহানা রব্বিয়াল আজিম’ বলার সময়ের সমপরিমাণ—খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যায়।
নারীদের পায়ের নলা ও টাখনু সতরের অন্তর্ভুক্ত। পায়ের নলা ও টাখনু মিলে একটি অঙ্গ হিসেবে গণ্য হয়। তাই পায়ের নলা ও টাখনুর এক-চতুর্থাংশ অংশ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে শুধু টাখনু খোলা থাকলে তা মাকরুহ হলেও নামাজ আদায় হয়ে যাবে।
এ ছাড়া নামাজের সময় নারীদের চুল ঢেকে রাখা জরুরি। মাথার সব চুল এক অঙ্গ হিসেবে গণ্য হয়। নামাজের মধ্যে মাথার মোট চুলের এক-চতুর্থাংশ বা তার বেশি অংশ তিন তাসবিহ পরিমাণ সময় অনাবৃত থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না।
তবে পুরো মাথা ও চুল ঢেকে রাখা যেহেতু ফরজ, তাই নামাজের সময় সতর্কতার সঙ্গে মাথা ও চুল সম্পূর্ণ ঢেকে রাখা উচিত, যাতে কোনো অংশ অনাবৃত না থাকে।






