সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারে দেশব্যাপী সতর্কতা জারি।

জ্যেষ্ঠ প্রতিবেদক::

 

পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) জারি করা এক বার্তায় বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন হলে যানবাহন নিরাপদ স্থানে থামিয়ে পার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বার্তায় আরও বলা হয়, দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড এবং অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদার করতে হবে। এ জন্য নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটি নিয়মিত সতর্কতামূলক নির্দেশনা। পুলিশ সদস্যদের সজাগ রাখতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।