স্টেশনে গিয়ে যাত্রী ও সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনলেন মন্ত্রী।

জেলা প্রতিনিধি::

 

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী স্টেশনটি পরিদর্শন করেন এবং রেলওয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতিকালে মন্ত্রী স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তারা রেলওয়ের বিভিন্ন সমস্যা, সেবার মান ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। মন্ত্রী সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সফরসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত রেলপথ, স্টেশন এবং সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন সমস্যা রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রস্তুতি আরও এগিয়ে নেওয়া হবে।