জ্যেষ্ঠ প্রতিবেদক::
মন্ত্রিত্বের চার-পাঁচ মাসের অভিজ্ঞতা তুলে ধরে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ আক্ষেপ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি। চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদের জানা দরকার। আমি দেখছি, কিছুই পরিবর্তন হয়নি। যারা আগে ঘুষ খেত, তারা এখনো একইভাবে ঘুষের ফাইল আটকে দিচ্ছে। ভালো কাজও বাধাগ্রস্ত হচ্ছে। যারা ছিল, তারাই ভোল পাল্টে আবার ফিরে এসেছে।’
তিনি বলেন, ‘আক্ষেপের কারণ হলো, আমার বয়স অনেক। আমি এবার সত্যিকার অর্থেই পরিবর্তন দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তা দেখতে পাচ্ছি না। তবে আমাদের মধ্যে আশাবাদ আছে। কারণ, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তনের চেষ্টা দেখতে পাচ্ছি—তিনি তারেক রহমান।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবর্তনের জন্য চেষ্টা করছেন এবং নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। সেই উদ্যোগকে আমরা সবাই সমর্থন করলে পরিবর্তন সম্ভব।’
অনুষ্ঠানে মির্জা ফখরুল ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর তরুণরা রাজপথে নেমে এসে পরিবর্তনের দাবি জোরালো করেছে। তিনি বলেন, ‘তরুণদের ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। ২০২৪ সালের জুলাইয়ে সেই তরুণরাই রাস্তায় নেমেছিল এবং তাদের আন্দোলন পরিবর্তনের দাবিতে রূপ নেয়।’
তিনি আরও বলেন, ‘অনেক প্রাণের বিনিময়ে এই পরিবর্তনের পথ তৈরি হয়েছে। অনেক পরিবার স্বজন হারিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে।’
দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশ্বের অনেক দেশ একই সময়ে যাত্রা শুরু করে অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমানের দিক থেকে অনেক এগিয়ে গেছে।
ক্ষমতার আচরণ নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘ক্ষমতার আসনের একটি আলাদা কেমিস্ট্রি আছে। অনেক সময় ক্ষমতায় গেলে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসে। সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





