অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ বাস্তবায়নের ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক::

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএসবি) পরিদর্শন করেন। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিএসবি কার্যালয়ে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বিএসবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া।

পরিদর্শনকালে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে সমপদে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সমান বেতন নিশ্চিত করতে ‘এক পদ, এক বেতন’ নীতির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা জেলা পর্যায়ের সশস্ত্র বাহিনী বোর্ডগুলোকে অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা ও সহায়তার কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন। এ লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণেরও তাগিদ দেন তিনি।

চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের জন্য ৬১ জেলায় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের মজুত বাড়ানোর নির্দেশনা দেন প্রতিরক্ষা উপদেষ্টা।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে ‘ডিফেন্স কলোনি’ নির্মাণের উদ্যোগের কথা জানান তিনি। এ প্রকল্পের জন্য ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে জমি নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়ন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সেবায় নিয়োজিত প্রাক্তন সৈনিকদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করতে অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যসংক্রান্ত কার্যক্রমে বিএসবির সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনাও দেন প্রতিরক্ষা উপদেষ্টা।

পরিদর্শনকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।