চট্টগ্রাম ব্যুরো ::
গণতন্ত্র, মানবাধিকার ও জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কের নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য, চট্টগ্রামের অগ্নিকন্যা বেগম রোজী কবির ছিলেন গণমানুষের নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চট্টগ্রামবাসীর হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে সাহসিকতা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য বেগম রোজী কবির সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। মানুষের সেবাকে তিনি রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক তাঁর নামে নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ এবং বেগম রোজী কবিরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





