চট্টগ্রাম ব্যুরো ::
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা উপলক্ষে স্বাগত মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) বিকেলে নগরের ওয়াসা মোড় এলাকার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে আয়োজিত মিছিলটি নগরের কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে নসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজপথের পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন করা হয়েছে। এটি আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্তের প্রতিফলন।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে। নতুন নেতৃত্বের সমন্বয়ে যুবদল জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে যুবদল দেশের যুবসমাজের প্রত্যাশা পূরণে কাজ করবে। পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।





