ব্রাজিল সমর্থক পড়শীর আর্জেন্টিনার জয়ে শুভকামনা

 

বিনোদন ডেস্ক ::

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা, তখন ভিন্ন সুরে কথা বললেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।

সামাজিকমাধ্যম ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য তার শুভকামনা রয়েছে।

পোস্টে পড়শী লেখেন, আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।

পড়শীর এই মন্তব্য মুহূর্তেই ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। তার পোস্টে অনেকেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের প্রত্যাশার কথা জানান।

কেউ কেউ আবার মজা করে বলেন, দুই দলের সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্নই যেন ব্যক্ত করেছেন এই গায়িকা।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল মুখোমুখি হওয়া ফুটবলপ্রেমীদের কাছে সবসময়ই একটি স্বপ্নের লড়াই।

আর সেই স্বপ্নের ফাইনাল দেখার আশা থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জন্য শুভকামনা জানিয়েছেন পড়শী।
সংগীতাঙ্গনের জনপ্রিয় এই তারকার এমন ক্রীড়াপ্রেমী মন্তব্য ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, পড়শীর কাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল আদৌ বাস্তবে রূপ নেয় কি-না?