দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরল থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তিনি সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ের মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শ্যামলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় মাহবুবুর রহমান পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানী মোমিনা অভিযোগ করে বলেন, প্রথমে ছুরি দিয়ে শ্যামলীকে আঘাত করার চেষ্টা করেন মাহবুবুর রহমান। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





