বিশেষ সংবাদদাতা::
বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিবছর ঢাকায় যৌথভাবে আয়োজন করা হবে আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’। এ লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিটিএমএর পক্ষে সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান এতে স্বাক্ষর করেন।
দুই সংগঠনের মতে, এই প্রদর্শনী দেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতেও সহায়ক হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজকদের সহযোগিতায় ‘বিটমা’ অনুষ্ঠিত হবে। এতে অত্যাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই উৎপাদন এবং সর্বাধুনিক শিল্প প্রযুক্তি প্রদর্শন করা হবে।
এ ছাড়া দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, বৈশ্বিক বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ এবং টেকসই টেক্সটাইল ও পোশাক উৎপাদনে বাংলাদেশকে বিশ্বস্বীকৃত একটি হাব হিসেবে প্রতিষ্ঠা করাও এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে প্রতিনিধি থাকবেন। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রতিবছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। প্রথম বছরে চেয়ারম্যান হবে বিটিএমএর একজন প্রতিনিধি এবং কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিএমইএর একজন প্রতিনিধি।
এ ছাড়া প্রদর্শনী থেকে অর্জিত নিট মুনাফা উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বণ্টন করা হবে।
বিটিএমএ ও বিজিএমইএ আশা করছে, যৌথ উদ্যোগে ‘বিটমা’ আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় হবে।





