বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ, আলোচনায় দাম্পত্য দূরত্ব

বিনোদন ডেস্ক::

 

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। হঠাৎ কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এরই মধ্যে তাদের ঘনিষ্ঠজনদের সূত্রে প্রীতমের ব্যস্ততা, দাম্পত্য জীবনে দূরত্ব এবং পারস্পরিক মতপার্থক্যের বিষয়গুলো সামনে এসেছে।

 

তবে এসব বিষয়কে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেননি প্রীতম কিংবা শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।

 

ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শো ও সংগীতের কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন প্রীতম। ফলে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলেও জানা গেছে।

 

এদিকে শেহতাজের জীবনযাপন ও আচরণে পরিবর্তন নিয়েও আলোচনা রয়েছে। ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, প্রীতমের ব্যস্ততা এবং সংসারে পর্যাপ্ত সময় দিতে না পারার বিষয়টি তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার মতবিরোধের সৃষ্টি হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

 

তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি ঘনিষ্ঠজনরা। একইভাবে প্রীতম-শেহতাজও এখনো বিচ্ছেদের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ্যে জানাননি।

 

২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এর আগে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সূত্রে তাদের পরিচয় হয়। পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায় এবং শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে তারা সংসার শুরু করেন।

 

রোববার রাতে দেওয়া পোস্টে শেহতাজ জানান, দীর্ঘ সময় ভেবেচিন্তে তারা পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখনো তারা একে অপরের প্রতি যত্নশীল।

 

শেহতাজ আরও জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ বেছে নেওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তারা মনে করেছেন। পরিবারের সমর্থন নিয়েই তারা বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন।

 

পাশাপাশি বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের তাদের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন শেহতাজ।