জ্যেষ্ঠ প্রতিবেদক::
চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. জিশান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হাসান (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিশান সাতকানিয়া উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহত হাসান নগরীর বাকলিয়া এলাকার ছৈয়দ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১২টার দিকে শান্তিরহাট এলাকা দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহনের একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক জিশানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত হাসানকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





