জেলা প্রতিনিধি::
ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর অসুস্থ হয়ে লাল্টু হোসেন (৩৫) নামের এক সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। লাল্টু হোসেন ওই এলাকার ফজলু হোসেনের ছেলে।
প্রতিবেশী মো. রবি বলেন, ‘আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কাঁদতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।
সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’





