নিজস্ব প্রতিবেদক::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর্চির সহকারী হিসেবে কর্মরত এক ব্যক্তিকে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করতে দেখা গেছে। হাসপাতালটিতে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলাকালে বিষয়টি সামনে আসে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানের সময় ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দুদকের অভিযান টিমকে ওই ব্যক্তি নিজেই জানান, তিনি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। তবে দায়িত্ব পালন করছেন ওয়ার্ড বয় হিসেবে।
দুদক সূত্র জানায়, হাসপাতালটিতে রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানির শিকার হওয়া, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, হাসপাতালের চিকিৎসাসেবা, দালাল চক্রের তৎপরতা, আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, কেনাকাটা ও বিক্রিসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে।





