নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিল আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক ::

২০২৬ ফিফা বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা মিলল এক মহানাটকীয় লড়াইয়ের। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা শক্তিশালী নেদারল্যান্ডসকে তাদেরই ঘরের মাঠে স্তব্ধ করে দিয়েছে ২৮ নম্বর পজিশনে থাকা আলজেরিয়া।

এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের প্রথম প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যেন এক শক্ত হুঙ্কার দিয়ে রাখল তারা।
বুধবার রাতে ডাচদের দুর্গ হিসেবে পরিচিত ‘ডি কুইপ’ স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়া।

ম্যাচের শেষ মুহূর্তে সফরকারীদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা।
ম্যাচের প্রথমার্ধে ডাচদের একের পর এক আক্রমণ দারুণ দক্ষতায় সামলে নেয় আলজেরিয়া।

এরপর দ্বিতীয়ার্ধে এসে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরে নেয় সফরকারীরা। ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন হাজ মুসা।
এরপর এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতান দলকে। আন্তর্জাতিক ফুটবলে এই তরুণ উইঙ্গারের এটিই প্রথম গোল। ম্যাচের শেষ দিকে গোল শোধ করতে ডাচরা মরিয়া হয়ে উঠলেও আলজেরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দেখাতেই এক ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।
আলজেরিয়ার এই অবিশ্বাস্য জয়ের পেছনে অন্যতম বড় অবদান ছিল গোলকিপার লুকা জিদানের। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে মুখে এক বিশেষ সুরক্ষামূলক ফেস মাস্ক পরে এদিন মাঠে নেমেছিলেন এই তারকা। পুরো ম্যাচ জুড়েই ডাচদের বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে আলজেরিয়ার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন জিদান।

নিজেদের মাটিতে এমন পরাজয়ে ম্যাচ শেষে চরম হতাশা প্রকাশ করেছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডাচ টেলিভিশন ‘এনওএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপের বিদায়ী ম্যাচে আপনি কখনোই এমন ফলাফল আশা করবেন না। ম্যাচের গতি অনুযায়ী আমাদের অন্তত ২-০ গোলে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে আমাদের ফরোয়ার্ডদের ধার ফিরবে এবং তারা সুযোগগুলো কাজে লাগাতে পারবে।’

বিশ্বকাপের মূল মঞ্চে অংশ নিতে বৃহস্পতিবারই নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে নেদারল্যান্ডস। সেখানে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে কানসাস সিটির মূল ঘাঁটিতে পৌঁছাবে তারা। এরপর ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এফ’-এ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

অন্যদিকে আগামী ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে গ্রুপ ‘জে’-তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলজেরিয়া। তার আগে আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। ডাচদের বিপক্ষে এই জয়ের আত্মবিশ্বাস আলজেরিয়াকে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।