নাহিদ ইসলাম • জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের আকাঙ্ক্ষা উঠে আসেনি

নিজস্ব প্রতিবেদক::

 

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি সেখানে জনগণের প্রত্যাশা উঠে আসেনি। বরং তিনি দলীয় ইশতেহার ও এজেন্ডা তুলে ধরেছেন।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা ছিল, কিন্তু সেগুলোর কিছুই হয়নি। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট হয়েছে। দলীয় লোকেরাই ফ্যামিলি কার্ড পাচ্ছে। যত ধরনের কার্ড আছে, সবই দলীয় লোকেরা পাচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষ থেকে বলার মতো যেসব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, প্রধানমন্ত্রী সেগুলোর একটিও যথাযথভাবে তুলে ধরেননি। এই মুহূর্তে দেশে জ্বালানি সংকট চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে এ পরিস্থিতিতে বাংলাদেশকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, সে বিষয়টিও তিনি তুলে ধরেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা যেন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আনতে পারি, সেই বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী তুলে ধরতে পারতেন।’

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না হওয়ার বিষয়েও জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো আলোচনা হয়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম রক্তাক্ত সীমান্ত। সেই সীমান্ত হত্যা নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। দলের নেতাকর্মীদেরও আশ্রয় দেওয়া হয়েছে। সেখান থেকে তারা প্রেস ব্রিফিং করতে পারছেন—এসব বিষয় প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলতে পারতেন। ভারত সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়েও তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘রোহিঙ্গা সংকটের কথা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু এই সমস্যার সমাধান কীভাবে হবে, সে বিষয়ে কিছু বলেননি। কারা এ সংকটের জন্য দায়ী, সেই বিষয়েও কিছু বলেননি।’

তিনি আরও বলেন, ‘তিস্তা প্রকল্প কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন এ বিষয়ে নেগোসিয়েশন হচ্ছে না—বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে পারতেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, জাতির সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।