নিজস্ব প্রতিবেদক::
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার শক্ত ভিত্তি গড়ে তুলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও পরিচিত ও প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসারণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়াও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
শিক্ষামন্ত্রী জানান, এর আগে দেশের প্রায় ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে নিয়ে বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়েছিল। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। এ আয়োজনের আওতায় রয়েছে ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা এবং ৬৭৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
এহসানুল হক মিলন জানান, চট্টগ্রাম থেকে একই সময়ে দেশের সব উপজেলায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। তবে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে চট্টগ্রামে পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, একটি ভবনের মতো ক্রীড়াঙ্গনের উন্নয়নেও শক্ত ভিত্তি অপরিহার্য। তাই ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
মীর হেলাল আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের সুযোগ পায়। বাংলাদেশের মেধাবী খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক পর্যায়ে এমন সুযোগ সৃষ্টি করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে লোগো, মাসকট, স্লোগান, রিলস ও থিম সং তৈরিতে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরা সৃষ্টিগুলোকে প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





