জিদানের প্রথম হোম ম্যাচ ঘিরে উন্মাদনা, ইতালি ম্যাচের সব টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক::

 

প্রায় দুই দশক আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড এবং অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এবার ভাগ্যের পরিহাসে, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর এই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের আগ্রহ এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে।

 

শনিবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) নিশ্চিত করেছে, আগামী ২ অক্টোবর স্টাড দ্য ফ্রান্সে উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচের সব টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। নতুন কোচ হিসেবে জিদানকে প্রথমবার ঘরের মাঠে দেখতে সমর্থকদের ব্যাপক আগ্রহের কারণে অল্প সময়ের মধ্যেই স্টেডিয়ামের সব আসন পূর্ণ হয়ে যায়।

 

শুধু নেশনস লিগের একটি ম্যাচ হিসেবেই নয়, জিদানের ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকেও এটি বিশেষ তাৎপর্য বহন করছে। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষেই খেলেছিলেন নিজের বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ। অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখেন তিনি। পরে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। প্রায় ২০ বছর পর সেই একই প্রতিপক্ষকে সামনে পেয়েই কোচ হিসেবে ঘরের মাঠে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি।

 

ম্যাচটির টিকিটের মূল্য ছিল ৩৫ থেকে ১৭৫ ইউরো। বিভিন্ন ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় স্পষ্ট, জিদানের অধীনে ফ্রান্সের নতুন যাত্রা ঘিরে সমর্থকদের প্রত্যাশা ও উচ্ছ্বাস এখন তুঙ্গে।