
নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানায় ৩ বছর ৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আবিরকে (১৯) ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৪ ঢাকার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মো. আবির পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার বাসিন্দা। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. আবিরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আবিরকে প্রধান আসামি করা হয়। মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান করছিলেন।
এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি মো. আবির ঢাকার মিরপুর এলাকায় অবস্থান করছেন। তথ্যটি পাওয়ার পর র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৪ ঢাকার সদস্যরা তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।
পরে মঙ্গলবার বিকেলে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আবিরকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র্যাবের সদস্যরা তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আটক করেন।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর থেকেই আবির পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-৭ ও র্যাব-৪-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর মো. আবিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়ায় রয়েছে।





