নিউজ ডেস্ক, চট্টগ্রাম ::
ওজন কমানোর ওষুধ ও পণ্য বাজারজাত করা এবং বিএসটিআই এর লাইসেন্স থাকার মিথ্যা তথ্য প্রদান করায় নগরের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) বিএসটিআই-চট্টগ্রামের উদ্যোগে সানমার ওশান সিটির ‘বিউটিওলজি’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই-চট্টগ্রাম এর উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ জানান, বিউটিওলজি নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাজারজাতকৃত ওজন কমানোর ওষুধ ও পণ্য বাজারজাত করা এবং বিএসটিআই এর লাইসেন্স থাকার মিথ্যা তথ্য প্রদান করায় মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) প্রিময় মজকুরী জয় ও ফিল্ড অফিসার (সিএম) অন্তর চৌধুরী।
তিনি জানান, জনস্বার্থে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপে কারচুপি রোধ এবং পণ্য মোড়কজাতকরণ বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।





