আগামীকাল থেকে কাঁচামরিচ আমদানি শুরু, কয়েক দিনের মধ্যেই কমতে পারে দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক::

 

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল (সোমবার) থেকে আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন শান্তিনগর কাঁচাবাজারে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরিদর্শনের সময় তারা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন পণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

 

সাংবাদিকদের কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আমদানির ওপর বিদ্যমান শুল্ক হ্রাস করা হচ্ছে এবং ইতোমধ্যে আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। ফলে আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে এবং এর ইতিবাচক প্রভাব খুব শিগগিরই বাজারে দেখা যাবে।

 

এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, বাজার পরিস্থিতি সরেজমিনে যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে গুজব কমবে, ভোক্তারা সঠিক তথ্য জানতে পারবেন এবং অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।

 

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এক সভায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। সভা শেষে তারা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও উপস্থিত ছিলেন।

 

সরকারের এই উদ্যোগের ফলে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্য স্থিতিশীল হয়ে সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।